সিপাহী জনতার বিপ্লব দেশকে নতুন করে স্বাধীনতা এনে দেয় : আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রের কবর রচনা করেছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে নতুন বিপ্লবের সূচনা হয়। সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসে। আর দেশকে নতুন করে স্বাধীনতা এনে দেয়।
জুমাবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাতকানিয়ার কেরানীহাটস্থ সী-ওয়ার্ল্ড রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নবনির্বাচিত আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, চন্দনাইশ উপজেলার আমীর কুতুব উদ্দিন, কেরানীহাট শহর শাখার আমীর মুহাম্মদ নাছির উদ্দিন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।




