বোনকে দেখতে গিয়ে আজিজনগরে প্রাণ হারালেন সাতকানিয়ার প্রবাসী মাহবুব
দীর্ঘদিন পর সৌদি আরব থেকে এসে আপন বোনকে দেখতে গিয়ে আজিজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতকানিয়ার হাজি মাহবুবুর রহমান (৬৪)।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের আজিজনগর পেট্টল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদ গ্রামের নবী মিকারের বাড়ির মৃত আবুল খাইর ও সারিয়া খাতুনের পুত্র।




নিহতের খালাত ভাই, ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা মাওলানা এনামুল হক তাসনিম জানান, হাজি মাহবুবুর রহমান গত ৩০ বছর যাবৎ সৌদি আরবের মক্কা প্রবাসী। গত ৩ মাস আগে সফরে এসেছিলেন। তিনি ৪ পুত্র ও ১ কন্যার জনক। সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে আজিজনগর পৌঁছালে হয়ত পেছন থেকে কোনো গাড়ি তার মোটরসাইকেলকে আঘাত করে। এতে তার মৃত্যু হয়। পরে পথচারীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ আনতে যায়।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো সংবাদ পাননি বলে জানান। তিনি বলেন, হয়ত দুর্ঘটনাস্থলটি দোহাজারী হাইওয়ে এলাকার বাইরে।