| | |

গণমাধ্যম

তরঙ্গ বরাদ্দের অনুমোদন পেয়েছে ওয়াদা টিভি

স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারের জন্য নতুন চ্যানেল ‘ওয়াদা টিভি’-কে তরঙ্গ বরাদ্দের অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে প্রস্তুতিগত সীমাবদ্ধতা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে সম্প্রচার শুরু করতে না পারায় ‘লাইভ টিভি’ এবং ‘টিভি নেক্সট’-এর অনুকূলে বরাদ্দকৃত তরঙ্গের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বিটিআরসির ৩১২তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এমজিএইচ মিডিয়া লিমিটেডের ওয়াদা টিভিকে ২৪ ঘণ্টার বেসরকারি স্যাটেলাইট ইংরেজি নিউজ চ্যানেল হিসেবে পরিচালনার জন্য ৬ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দের অনুমোদন দিয়েছে বিটিআরসি। গত ২১ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চ্যানেলটি স্থাপনে সাময়িক অনাপত্তি দেয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ স্যাটেলাইটের নির্ধারিত ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে তরঙ্গ বরাদ্দের আবেদন করে প্রতিষ্ঠানটি। এনএসআই, ডিজিএফআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, নির্ধারিত সময়ে আপলিংকের তরঙ্গ বরাদ্দ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের কার্যক্রম শেষ করতে না পারায় মিনার্ভা মিডিয়া লিমিটেডের লাইভ টিভি এবং ৩৬ মিডিয়া লিমিটেডের টিভি নেক্সটের তরঙ্গ বরাদ্দ ও সাময়িক অনুমতিপত্রের মেয়াদ বাড়িয়েছে বিটিআরসি। লাইভ টিভি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও প্রস্তুতিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মেয়াদ বাড়ানোর আবেদন করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চ্যানেলটির সম্প্রচার শুরুর অনাপত্তিপত্রের মেয়াদ ২৩ আগস্ট ২০২৭ পর্যন্ত বাড়ানোয় বিটিআরসিও তরঙ্গ বরাদ্দ ও যন্ত্রপাতি ব্যবহারের অনুমতির মেয়াদ একই দিন পর্যন্ত বৃদ্ধি করেছে।

ক্যাটাগরি