তুমুল আলোচনায় সাতকানিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান লুনা
এনসিপিতে যোগদান, দ্বিতীয় স্বামী কতৃক অস্বীকার এবং কাবিননামা প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে এখন তুমুল আলোচনায় রয়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ লুনা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কয়েকটি জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করে বলা হয়, “এনসিপিতে যোগ দিচ্ছেন টক-শো ব্যক্তিত্ব ও সাবেক এমপি গোলাম মওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ।”
উক্ত সংবাদ প্রকাশের পরপর টক-শো ব্যক্তিত্ব ও আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি নিজের ফেসবুক পেজে ফটোকার্ড শেয়ার করে লিখেন, “এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।”
রনির এই ফেসবুক পোস্ট মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় নতুন আলোচনা-সমালোচনা। আলোচনা-সমালোচনার মধ্যেই টক-শো ব্যক্তিত্ব ও আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির সঙ্গে বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা আফরোজ লুনা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তিনি রনির সাথে তার বিয়ের কাবিননামা প্রকাশ করেন। সাতকানিয়ায় তিনি লুনা নামেই অধিক পরিচিত।
স্বামী কতৃক অস্বীকারের বিষয়ে ফারজানা আফরোজ লুনা বলেন, ‘যেটা সত্য সেটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলেন, এগুলোর সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমিতো ওনাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরণের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’
কাবিননামায় দেখা যায়, ২০২২ সালের ১৩ মে ফারজানা আফরোজকে বিয়ে করেন রনি। তবে কাবিননামাটি যাচাই করা হয়নি।

এ বিষয়ে গোলাম মাওলা রনির মোবাইলে একাধিকবার কল ও ম্যাসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ফারজানা আফরোজ লুনা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের সাবেক চেয়াম্যান মরহুম কেফায়েতুল্লাহর মেয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল সাতকানিয়া পৌর এলাকার ভোয়ালিয়া পাড়ার হারুনুর রশিদের সাথে। হারুনুর রশিদ উপজেলার চরতি আল হেলাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।
অধ্যক্ষ হারুনুর রশিদের স্ত্রী থাকাবস্থায় জামায়াত প্যানেলের প্রার্থী হিসেবে নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়ে সাতকানিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ফারজানা আফরোজ লুনা। তখন তার স্বামী অধ্যক্ষ হারুনুর রশিদসহ পরিবারের প্রায় সবাই নির্বাচনী কর্মকান্ডে অংশ নিয়েছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর উপজেলা পরিষদের দায়িত্ব পালন ও উন্নয়ন তদ্বিরসহ বিভিন্ন কারণে ঘনঘন রাজধানীসহ বিভিন্ন এলাকায় যাতায়াতকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে কলহের সূচনা হয় বলে জানা যায়। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর সন্তান দুটি বর্তমানে বাবা হারুনুর রশীদের তত্ত্বাবধানে আছে। প্রায় দুই বছর আগে হারুনুর রশীদ এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে বিয়ে করেছেন।
প্রকাশিত কাবিননামা অনুসারে জানা যায়, ২০২২ সালের ১৩ মে ১০ লাখ টাকা মোহর ধার্য করে পটুয়াখালী জেলার গলাচিপার উলাবান্দর এলাকার শামসুদ্দিন মুন্সী ও মনোয়ারা বেগমের পুত্র গোলাম মওলনা রনির সাথে ফারজানা আফরোজ লুনার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। বিয়েটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাকলিয়া এলাকায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষোলশহর বাকলিয়ার নিকাহ রেজিস্ট্রার ও কাজি আমিন উদ্দিন উক্ত নিকাহ রেজিস্ট্রি করেন। বিবাহ পড়ান আলহাজ্ মুহাম্মদ ইছহাকের পুত্র রহমতুল্লাহ। বিবাহের স্বাক্ষী ছিলেন নোয়াখালী চাটখিলের আক্তার হোসেন এবং সাতকানিয়ার ছদাহার শাহ আলম। কন্যার উকিল ছিলেন চকবাজার রসুলবাগের মাওলানা মোহাম্মদ ইসহাকের পুত্র মোহাম্মদ ফরিদ। উকিল নিয়োগের ব্যাপারে স্বাক্ষী ছিলেন লোহাগাড়ার মীর পাড়ার নুরুচ্ছফা ও চট্টগ্রামের আগ্রাবাদের মোস্তাক আহমদ। গোলাম মওলা রনির জন্ম তারিখ ১৭ এপ্রিল ১৯৭০ এবং ফারজানা আফরোজ লুনার জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৭৯।
ফারজানা আফরোজ বর্তমানে মালয়েশিয়ার এশিয়া ইউনিভার্সিটিতে নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি গবেষণা করছেন বলে জানা গেছে। পেশাগত জীবনে তিনি এইচএসবিসি ব্যাংকে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ‘স্কাইপ এসেটস প্রাইভেট লিমিটেড’-এর স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিকভাবে তারা প্রচুর সম্পদের মালিক।
ফারজানা আফরোজ লুনা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নারী উইং জাতীয় নারী শক্তিতে যোগ দিচ্ছেন বলে সূত্র নিশ্চিত করেছে।