| | |

আর্ন্তজাতিক

জিবুতির প্রেসিডেন্ট পদে আবারো জিতলেন ইসমাইল

প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবার জিবুতির প্রেসিডেন্ট হলেন ইসমাইল

আন্তর্জাতিক ডেস্ক:
বিপুল ব্যবধানে জিতে ষষ্ঠবারের মতো জিবুতির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইসমাইল ওমর গেলেহ। নির্বাচনে মোট ভোটের ৯৭.৮ শতাংশ পেয়েছেন তিনি।
৭৮ বছর বয়সী গেলেহর একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারাহ সামাতার পেয়েছেন মাত্র ২.১৯ শতাংশ ভোট। অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করায় একতরফা হয়েছে বলে মত পর্যবেক্ষকদের। এর আগে ২০২১ সালের নির্বাচনেও প্রায় একই ব্যবধানে জয়ী হন তিনি।

গত ২৭ বছর ধরে ক্ষমতায় থাকা গেলেহ একসময় পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্ট প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা তুলে দিয়ে পুনরায় নির্বাচনে অংশ নেন তিনি।

জিবুতি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালির তীরে অবস্থিত। দেশটি সুয়েজ খালের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়। দেশটিতে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইতালি এবং জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
গেলেহ তার বাসভবনে এই বিজয় উদযাপন করেন। এটিকে পুরো জাতির বিজয় হিসেবে আখ্যায়িত করেন তিনি।
কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবারের (১০ এপ্রিল) নির্বাচনে নিবন্ধিত ভোটারদের মধ্যে ৮০ শতাংশের বেশি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সূত্র: বিবিসি।

ক্যাটাগরি